দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর রায়পুরা উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৮), রুবেল মিয়ার আরেক মেয়ে আশেয়া (৯) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে ৬-৭ জন শিক্ষার্থী নদীতে গোসল করতে যায়। এ সময় একজন পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরও কয়েকজন পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশুদের উদ্ধার করেন। তাদের মধ্যে তিনজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. আশরাফুর রহমান জানান, তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় তিন শিশুর মরদেহ শনাক্ত করা হয়েছে। আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজন শিশু নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে স্থানীয় সূত্রে পরে সুমাইয়ার মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা চারজন।
এমএম/